ঢাকা: সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে
‘অলৌকিকভাবে’ বেঁচে যাওয়া রেশমাকে চাকরি দিতে পেরে খুশি ঢাকা ওয়েস্টিন
হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী। বৃহস্পতিবার বিকেল ৩টায় নূর আলী আনুষ্ঠানিকভাবে রেশমার হাতে নিয়োগপত্র তুলে দেবেন।রেশমাকে ‘পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর’ পদে চাকরি দিয়েছে পাঁচ তারকা হোটেলে ঢাকা ওয়েস্টিন।
ওয়েস্টিন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রেশমা এখন সুস্থ। বৃহস্পতিবার সকালে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হবে। শারীরিকভাবে সুস্থ হওয়ায় রেশমা এখন চাকরিতে যোগদান করতে পারবেন।
রেশমাকে চাকরি দেওয়ার প্রেক্ষাপট সম্পর্কে নূর আলী বলেন, “ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে কিছুটা সুস্থ হয়ে রেশমা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার ওই বক্তব্য আমি সরাসরি টেলিভিশনে দেখছিলাম। এক পর্যায়ে রেশমা বললেন, তিনি আর গার্মেন্টে কাজ করতে চান না। তখন আমার মনে হলো, আমরা তাকে একটা চাকরির প্রস্তাব দিতে পারি। এরপর দিনই তাকে চাকরির প্রস্তাব দিলাম। বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানালাম। সবাই সিদ্ধান্তটিকে ইতিবাচকভাবে নিলেন।”
বিশিষ্ট এই ব্যবসায়ী বলেন, “এই চাকরির মাধ্যমে রেশমাকে সম্মান দেখিয়েছি। কারণ সে যদি সম্মানিত হয় তবে দেশ ও জাতিকে সম্মান দেখানো হবে।”
“ওয়েস্টিনের কমিউনিটি সেবার অংশ হিসেবেই রেশমাকে এই চাকরি দেওয়া হয়েছে। তিনধাপ পেরিয়ে তাকে সরাসরি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়েছে। রেশমা আমাদের কতটুকু দিতে পারলো সেটি বড় কথা নয়, বরং আমরা তাকে কতটুকু দিতে পারলাম সেটিই বড় বিষয়,” বলেন তিনি।
ওয়েস্টিনের বেতন কাঠামো অনুযায়ী বেতন ছাড়াও ঈদ বোনাস, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন রেশমা।
২৪ এপ্রিল সাভারে রানা প্লাজার ধসে ১ হাজার ১’শর অধিক মানুষ মারা যান। জীবিত উদ্ধার করা হয় প্রায় ২হাজার ৫’শ মানুষকে। ভবন ধসের ১৭ দিন পর রেশমাকে গত ১০ মে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন