বরিশাল থেকে: বরিশাল সিটি করপোরেশনের (বসিক) ৬ নম্বর ওয়ার্ডে করিম আইডিয়াল কলেজ কেন্দ্রে জাল ভোটের মহোৎসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর পর আওয়ামী লীগ সর্মথিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী মো. শওকত হোসেন হিরনের (প্রতীক টেলিভিশন) সর্মথকরা ভোটারদের কোন প্রতীকে ভোট দেওয়া হবে বলে প্রশ্ন করে।
এ সময় ভোটাররা টেলিভিশন মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দিতে চাইলে তৎক্ষণাৎ হাতে অমোচনীয় কালি দিয়ে ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।
এই ভোট কেন্দ্রে বল প্রয়োগ করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভোট কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আবু জাফর খান বলেন, “আইন-শৃঙ্খলা ব্যবস্থা আমাদের নিয়ন্ত্রণে নয়।”
উল্লেখ্য, বসিকের ওয়ার্ড সংখ্যা সংরক্ষিত ১০ এবং সাধারণ ৩০টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার দুইশ’ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার ছয়শ’ ২৫ জন ও নারী ভোটার এক লাখ তিন হাজার ছয়শ’ ৩২ জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন